মো আবদুল করিম সোহাগ,
বিনোদন প্রতিবেদক।
বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তিনি অংশ নিচ্ছেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায়। আয়োজক সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।
এই অর্জনকে তমা রশিদ দেখছেন একদিকে সম্মান, অন্যদিকে বড় দায়িত্ব হিসেবে। তার ভাষায়, এই যাত্রা শুধুই ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ। তিনি বিশ্বাস করেন, নারীরা যদি নিজেদের শক্তির জায়গা চিনতে পারেন, তবে আন্তর্জাতিক অঙ্গনেও তারা সমানভাবে উজ্জ্বল হতে পারেন।
তমা জানান, আজ ১০ এপ্রিল তার জন্মদিন। মজার বিষয় হলো, এ বছরও তার জন্মদিন পড়ছে শুক্রবারে, যা তার কাছে বাড়তি আনন্দের উপলক্ষ। নিজের ভাষায়, এপ্রিল তার কাছে সবসময়ই স্বপ্ন, আশা আর নতুন সম্ভাবনার মাস।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ এবং বাঙালির সাংস্কৃতিক আবেগের কারণে এপ্রিল মাস তার কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের রঙে ভরপুর এই সময়টাকে তিনি নিজের জীবনের খুব প্রিয় একটি অধ্যায় হিসেবে দেখেন।
তবে এবারের এপ্রিল যেন তার জীবনে এনেছে অন্যরকম আলো। কারণ, এই মাসেই তিনি প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিস ইন্ডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ অংশ নেওয়ার জন্য।
সব মিলিয়ে তমা রশিদের এই আন্তর্জাতিক যাত্রা শুধু একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়; এটি আত্মবিশ্বাস, পরিশ্রম ও সহযাত্রায় পাওয়া সমর্থনের গল্প। মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৬-এ তার অংশগ্রহণ বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।