অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
প্রতীকী ছবি
আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় উলম্ফন হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর চরম আঘাত হানার হুমকির পর এই উলম্ফন ঘটলো।
তেলের এমন মূল্য বৃদ্ধি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে আরও জোরালো করেছে।
জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে পৌঁছেছে, যা ৬.৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৪৫ ডলার।
এই মূল্যবৃদ্ধির পেছনে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বড় ভূমিকা রেখেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা অব্যাহত থাকবে এবং তা শিগগিরই থামার কোনও লক্ষণ নেই।
এতে যেসব বিনিয়োগকারী যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের আশায় ছিলেন, তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, আমরা তাদের অত্যন্ত কঠোরভাবে আঘাত করব আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে। আমরা তাদের সেই অবস্থায় ফিরিয়ে নেব, যেখানে তাদের থাকা উচিত ছিল।
এর আগে চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি ফিরেছিল তেলের বাজারে, তখন ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র হয়তো সামরিক অভিযান কমাতে পারে।
তবে ট্রাম্পের এই মন্তব্যের পর পরিস্থিতি আবার বদলে যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এতে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভে পরিণত হয়েছে।
এছাড়া বিশ্ব জালানি পরিহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বের জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি