মোঃ মোস্তফা কামাল চৌধুরী
জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তী। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেতারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপি’র ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মেধাবী ও সুস্থ জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। পুষ্টির বৈষম্য দূর করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের স্টল প্রদর্শন করা হয়। এসব স্টলে প্রসূতি মা, নবজাতক এবং বাড়ন্ত শিশুদের জন্য প্রয়োজনীয় সুষম খাদ্য তালিকা ও ঘরোয়া উপায়ে পুষ্টির চাহিদা পূরণের উপায় সম্পর্কে দর্শনার্থীদের সচেতন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়।