মো আবদুল করিম সোহাগ
ঢাকা।
প্রতি বছর ১৭ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬ উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহযোগিতায় আজ সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল ৮:০০ টায় বিএমইউ-এর বটতলা থেকে শুরু হয়ে ডি ব্লকের সামনে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ হলেও সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়। তিনি এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে হিমোফিলিয়া রোগীদের সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করা যায়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ মনিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বির। এছাড়াও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, হিমোফিলিয়া রোগের আধুনিক চিকিৎসা ধীরে ধীরে দেশের সর্বস্তরের মানুষের নাগালের মধ্যে পৌঁছে যাবে। তারা আরও উল্লেখ করেন, দেশে এখনও অনেক অনিবন্ধিত হিমোফিলিয়া রোগী রয়েছে, যাদের শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা অত্যন্ত জরুরি। এ সময় হিমোফিলিয়া রোগী ও তাদের অভিভাবকরাও বক্তব্য প্রদান করেন। তারা রোগটির চিকিৎসা আরও সহজলভ্য ও সুলভ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানান। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট হেমাটোলজিস্ট, রেসিডেন্ট চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালির মাধ্যমে হিমোফিলিয়া রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। পাশাপাশি হিমোফিলিয়া রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা ও সমর্থন বৃদ্ধির আহ্বান জানানো হয়। র্যালি শেষ পর্যায়ে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রণীত ‘ন্যাশনাল গাইডলাইন ফর ম্যানেজমেন্ট অব হিমোফিলিয়া”বইটির মোড়ক উন্মোচন করা হয়।