আবদুল করিম সোহাগ
ঢাকা।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অবলম্বনে ‘বসন্ত’ শিরোনামের গীতিনাট্য মঞ্চায়ন করলো ছায়ানট। এই গীতিনাট্যের পালায় কবি ও রাজার এ ঋতুরাজ বসন্ত মূর্ত হয়ে ওঠে কবি চরিত্রেই।
গীতিনাট্যটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে মঞ্চায়ন হয় এই গীতিনাট্যটি।
রাজকোষের শূন্যতায়, সচিবদের তাগাদা থেকে নিষ্কৃতি পেতে মন্ত্রীসভা থেকে কবির কাছে পালিয়ে আসেন রাজা। রাজা ও সচিবদেরকে শূন্যকোষের কথা ভুলিয়ে দিতে বসন্তের পালাগান শোনাবার আয়োজন করল কবি। এ আয়োজনে সেজে উঠেছে আকাশ ও ধরণী। বনভূমি, আম্রকুঞ্জ, করবী, বেণুবন, দীপশিখা, ঋতুরাজের পরিবারবর্গ, মাধবী, মালতি, শালবীথিকা, বকুল, নদী, দখিনহাওয়া, বনপথ, ঝুমকোলতা, আকন্দ, ধুতুরা, জবা এবং ঋতুরাজ নিজেই সেজে উঠেছে স্বতন্ত্র চরিত্রে, গানে অভিনয়ের জন্য।
বসন্তের পালা সফল। সুরের দোলায় রাজা ও কবিই নয়, অর্থ সচিবসহ দুলে উঠেছে। বসন্তের গানে আকৃষ্ট সকলে। শেষ পর্যন্ত রিক্ততাতেই পূর্ণতার আস্বাদে মেতেছে সকলে।
কাহিনির ঘনঘটায় নাচ ও গানের মাধ্যমে এই গীতিনাট্যে বসন্তকে এভাবেই তুলে ধরেছেন শিল্পীরা।
সঙ্গীত পরিচালনা ও নির্দেশনায় ছিলেন মহুয়া মঞ্জরী সুনন্দা। নৃত্য পরিচালনায় ছিলেন সুমা রানী রায়, আলোক পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, লিলি ইসলাম, ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন প্রেমা, ধীমান চন্দ্র বর্মন।
গীতিনাট্যটির নাচ, গান ও অভিনয়ে অংশ নেয় বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, স্বাতী সরকার, সুমা রানী রায়, মহুয়া মঞ্জরী সুনন্দা, সেমন্তী মঞ্জরী, দীপ্র নিশান্ত, লিলি ইসলাম, সৈয়দ ফয়সল আহমদ, হাসান সালেহ জয় প্রমুখ।