মো. শফিকুল ইসলাম
(মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের নির্ধারিত সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হাকিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম খলিল। ১ এপ্রিল, ২০২৬ তারিখ বুধবার সংগঠনের
এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয়, সন্ত্রাস, দলীয়করণ ও শিক্ষার মানের অবনতির বিরুদ্ধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং একটি সুস্থ জ্ঞানভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।
নবনির্বাচিত সভাপতি আজিজুল হাকিম এক প্রতিক্রিয়ায় বলেন, তারা অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের রাজনীতির বিপরীতে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে বদ্ধপরিকর। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত এবং আদর্শিকভাবে সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে তিনি আরও জানান যে, শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ ছাত্রসমাজকে সম্পৃক্ত করা হবে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সরকারি হরগঙ্গা কলেজ শাখা আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে। একইসাথে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও সচেতন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।