বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রখ্যাত কবি, লেখক ও গীতিকার সাবরিনা রুবিন এবং উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী উষা উত্থুপ -এর যৌথ সৃষ্টির মাধ্যমে। দুই দেশের শিল্প ও সংস্কৃতির এই মেলবন্ধন ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য—ডা. সাবরিনা রুবিনের লেখা গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতের আইকন উষা উত্থুপ, যা এই প্রজন্মের জন্য এক অনন্য সাংস্কৃতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, বহুল আলোচিত এই গানটির কথা লিখেছেন ডা. সাবরিনা রুবিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন দেব গৌতম এবং এতে কণ্ঠ দিয়েছেন উষা উত্থুপ। গানটি প্রকাশের পর থেকেই বাংলাদেশ ও ভারতের অসংখ্য শ্রোতার হৃদয় জয় করেছে। ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
ডা. সাবরিনা রুবিন আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একটি নাম। তিনি কেবল একজন কবি বা গীতিকার নন, বরং একজন বহুমাত্রিক সৃষ্টিশীল ব্যক্তিত্ব। ইংরেজি ও বাংলা—উভয় ভাষাতেই তার দক্ষতা তাকে বৈশ্বিক পরিসরে আলাদা অবস্থান এনে দিয়েছে। তার ইংরেজি কাব্যগ্রন্থ “লিমিটলেস লাভ” এবং “সাডেন স্প্রিং এগেইন” আন্তর্জাতিক পাঠকমহলে প্রশংসিত হয়েছে। অন্যদিকে, “নিষিদ্ধ নির্বাসন” ও “বিহুঙ্গী” বাংলা সাহিত্যে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
মানসিক স্বাস্থ্যভিত্তিক কবিতায় তার বিশেষ অবদান উল্লেখযোগ্য। ‘মেন্টাল হেলথ পোয়েট্রি’ ধারায় কাজ করে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন এবং বাংলাদেশের লেখকদের মধ্যে এই ধারাকে জনপ্রিয় করে তুলেছেন। মানবিক ও সামাজিক বিষয়গুলো তার লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়, যা তাকে সমসাময়িক লেখকদের মধ্যে স্বতন্ত্র করে তুলেছে।
সাহিত্য অঙ্গনে অবদানের জন্য ডা. সাবরিনা রুবিন পেয়েছেন একাধিক আন্তর্জাতিক সম্মাননা, যার মধ্যে রয়েছে ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি সম্মাননা, মোটিভেশনাল স্ট্রিপস অনার এবং মুনির মেজিয়েদ অ্যাওয়ার্ড ইন লিটারেচার। এছাড়া তিনি রোমানিয়ার মুনির মেজিয়েদ ফাউন্ডেশনের নীতিনির্ধারক কমিটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশে তিনি অর্জন করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড , বাংলাদেশ অ্যাচিভারস আওয়ার্ড এবং ‘রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২’।
অন্যদিকে, উষা উত্থুপ ভারতীয় সংগীতজগতের এক জীবন্ত কিংবদন্তি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সংগীতাঙ্গনে সক্রিয় থেকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার স্বতন্ত্র কণ্ঠস্বর, গভীরতা এবং মঞ্চ উপস্থিতি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। “হারি ওম হারি”, “রামবাহু”, “কই য়ান আহা” এবং “ডার্লিং” এর মতো গান তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে।
তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সম্মানজনক পদশ্রী এবং পদ্মাভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া ফিল্মফেয়ার-এ সেরা নারী প্লেব্যাক সিঙ্গার হিসেবেও সম্মান অর্জন করেছেন।
সংগীত বিশ্লেষকদের মতে, ডা. সাবরিনা রুবিন ও উষা উত্থুপের এই যৌথ প্রয়াস কেবল একটি গান নয়; এটি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক শক্তিশালী প্রতীক।গানের কথা, সুর এবং কণ্ঠের মেলবন্ধন শ্রোতাদের মনে বিশেষ আবেগ সৃষ্টি করেছে।
সংগীতপ্রেমীদের আশা এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলা সংগীত বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান তৈরি করবে।