দেশ সকাল অনলাইন।
পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন, আর দেয়াল ধসে স্বামী-স্ত্রী আহত হয়েছেন। পাশাপাশি ঘরবাড়ি ও ফসলেরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে এবং রাত ১২টার পর শুরু হয় তীব্র কালবৈশাখী ঝড়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় সদর উপজেলার চানপাড়া এলাকায় নিজ ঘরে থাকা চাকাতি বালার ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, ধাক্কামারা ইউনিয়নের স্টেশন এলাকায় ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় পাশের একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে তাদের ঘরের ওপর পড়ে। এতে টিনের চালা ভেঙে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
শনিবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে বহু ঘরের টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর ও আটোয়ারী উপজেলায় ভুট্টা, গমসহ বিভিন্ন রবিশস্য এবং শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া লিচু ও আমের মুকুলও নষ্ট হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই এই ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।