ফরিদপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ এক দিনের ব্যস্ত সফর শেষে ফরিদপুর ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, প্রকল্প উদ্বোধন এবং নানা কর্মসূচিতে অংশ নেন।
সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে তিনি প্রথমে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ এলাকায় একটি খাল পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে কুমার নদ সংলগ্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন, যা স্থানীয় পানি নিষ্কাশন ও কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দুপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের সংকট বৈশ্বিক সমস্যা হলেও বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসেও তেলের দাম বাড়ানো হবে না।
তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসনকে প্রতিটি পাম্পে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেললে তাকে কঠোরভাবে দমন করা হবে।” সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
খাল খনন কর্মসূচি নিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, “এই কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না—যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এরপর তিনি ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদদীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপদেষ্টা। পরে তিনি জসীম কমপ্লেক্স, সোজন বাদিয়ার ঘাট ও মুসলিম মিশন এলাকা পরিদর্শন করেন।
সফরের শেষ পর্যায়ে সার্কিট হাউজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
উপদেষ্টার এ সফরকে ঘিরে জেলার প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টদের আশা, এই সফরের মাধ্যমে ফরিদপুরের চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।