
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
পড়াশোনার বাইরে একটু ভিন্ন বার্তা দিয়ে আলোচনায় এসেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ফুল উপভোগ করার পাশাপাশি প্রেমে পড়ার আহ্বান জানিয়েছে তারা।
রয়টার্স এর এক প্রতিবেদনে জানা গেছে, সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের উইচ্যাট অ্যাকাউন্টে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির প্রতিপাদ্য হিসেবে ফুল দেখা ও রোমান্স উপভোগের কথা জানিয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাময়িকভাবে বইপত্র সরিয়ে রেখে ছুটি উপভোগের আহ্বান জানানো হয়।
এর আগে চীন গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের পেছনে রয়েছে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো এবং তরুণদের মধ্যে পারিবারিক জীবন গঠনে আগ্রহ তৈরি করা। পর্যাপ্ত অবসর সময় তরুণদের সন্তান নিতে উৎসাহিত করবে বলেও মনে করা হচ্ছে।
চীনে টানা কয়েক বছর ধরে জন্মহার কমছে।
২০২৫ সালে দেশটির জনসংখ্যা আরও কমে গেছে এবং জন্মহার নেমেছে রেকর্ড নিম্নে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এনডিআরসি শিশু বান্ধব উন্নয়ন জোরদারে নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ ও খেলাধুলা খাতে উন্নয়ন বাড়িয়ে শিশু বান্ধব শহর গড়ে তোলার কথা বলা হয়েছে।
ট্রাভেল কোম্পানি ট্রিপ এর সহ প্রতিষ্ঠাতা জেমস লিয়াং বলেন, সন্তান লালন পালনের জন্য সময় ও আর্থিক সক্ষমতা জরুরি। এ ক্ষেত্রে তরুণদের সচেতন করতে আরও উদ্যোগ প্রয়োজন।
সূত্র: রয়টার্স